গাজীপুরে গণপিটুনিতে সন্দেহভাজন ডাকাত নিহত
গাজীপুরে গণপিটুনিতে সন্দেহভাজন এক ডাকাত নিহত এবং অপর দুই ডাকাত আহত হয়েছে। গাজীপুরের কালীগঞ্জের একুতা গোদারাঘাট এলাকায় আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ হোসেন জানান, কালীগঞ্জের মুক্তারপুর ইউনিয়নের ডেমরা গ্রামের মঞ্জুরুল বারীর বাড়িতে গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে ৮ থেকে ১০ জন ডাকাত হানা দেয়। তারা মঞ্জুরুলের প্রবাসী ভাই মাসুদুল বারীর ঘরে ঢুকে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ কিছু টাকা লুট করে। এলাকাবাসী মসজিদের মাইক থেকে ডাকাতদের হামলার বিষয়টি প্রচার করে। এলাকাবাসী ওই বাড়ি ঘেরাও করলেও কোনো ডাকাতকে আটক করতে পারেনি। আজ ভোর পাঁচটার দিকে শীতলক্ষ্যা নদীর কালীগঞ্জ অংশের একুতা গোদারাঘাট দিয়ে পালানোর সময় এলাকাবাসীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় নরসিংদীর গোলাপদী এলাকার মো. সেলিম (৩৫), নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মরদাসাদী এলাকার জালাল উদ্দিন (৩৫) ও ডেমরা গ্রামের আসাদকে (৩৭) আটক করা হয়। তাঁরা ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করলে উত্তেজিত জনতা তাঁদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সেলিম মারা যান। আহত দুজনকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।