গাজীপুরে গুলি করে ও পিটিয়ে দুই ব্যবসায়ীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের মধ্যপাড়ায় গুলি করে ও লাঠির আঘাতে দুই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন সুশান্ত সরকার (৩০) নামের এক ব্যবসায়ী। আর লাঠির আঘাতে নিহত হন মুদি ব্যবসায়ী নুরু মিয়া (৩৮)। সুশান্তের বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি দুই বছর ধরে পিরুজালীর গ্রামের গুলজারের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় বাজারে পুরোনো ব্যাটারির ব্যবসা করতেন। স্থানীয় বাসিন্দা নুরু মিয়া পিরুজালী বাজারে ব্যবসা করতেন।এলাকাবাসীর বরাত দিয়ে হোতাপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, জমিজমা নিয়ে পিরুজালী গ্রামের প্রভাবশালী মো. মনসুরের সঙ্গে তাঁর ভাগনে তাজুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা সাতটার দিকে ভাগনে নিজ পক্ষের লোকজন নিয়ে মামার বাড়িতে যান। তাঁদের দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মামা মুনসুর পিস্তল বের করে ভাগনেকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়েন। গুলিতে ছত্রভঙ্গ হলেও পরে তাজুল ও তাঁর সমর্থকেরা মুনসুরের বাড়িতে হামলা করেন। ওই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে মুনসুর পুনরায় গুলি চালালে একটি গুলি সুশান্তের কপালে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে রাত নয়টার দিকে মুনসুরের বাড়ির কাছ থেকে তাঁর সমর্থক নুরু মিয়ার লাশ পুলিশ উদ্ধার করে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিপক্ষের লাঠির আঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানান। লাশ দুটি রাতে উদ্ধার করে পুলিশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, এ ঘটনায় গতকাল রাত ১০টা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। মামলার প্রস্তুতি চলছে।