গাজীপুরে চার ইটভাটা বন্ধ, ২২ লাখ টাকা জরিমানা
গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি এলাকায় চারটি ইটভাটাকে ২২ লাখ টাকা জরিমানা এবং বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ভুয়া পরিবেশ ছাড়পত্র তৈরি এবং পরিবেশ ছাড়পত্র ছাড়া বেআইনিভাবে ইটভাটা পরিচালনার অপরাধে এ শাস্তি দেওয়া হয়।প্রতিষ্ঠানগুলি হচ্ছে, মেসার্স রমজান ব্রিকস, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, মেসার্স এ টি বি ব্রিকস ও মেসার্স কামরুল অ্যান্ড কোং।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কোনাবাড়ি এলাকায় অনেক দিন ধরে বেআইনিভাবে ইটভাটার ব্যবসা করে আসছেন কিছু অসাধু ব্যবসায়ী। ওইসব ইটভাটার কারণে কৃষিজমির উপরিভাগের মাটির উর্বরতা হ্রাস, কৃষি উত্পাদন ব্যাহত, জীববৈচিত্র্য ও গাছপালার ক্ষতি এবং জনস্বাস্থ্য বিপন্ন হচ্ছিল। এসব অপরাধে চারটি ইটভাটাকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মেসার্স রমজান ব্রিকসকে পাঁচ লাখ, মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে পাঁচ লাখ, মেসার্স এ টি বি ব্রিকসকে পাঁচ এবং মেসার্স কামরুল অ্যান্ড কোং-কে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এসব ইটভাটা থেকে প্রতিবছর আনুমানিক ১ দশমিক ৫ লাখ মেট্রিক টন কার্বন নির্গত হয়ে ৮ থেকে ১০ বছরে মোট ৪৭ লাখ মেট্রিক টন কার্বন নির্গমন ঘটেছে।পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট সংশ্লিষ্ট ইটভাটার মালিকদের আগামী ১৫ দিনের মধ্যে সমস্ত স্থাপনা অপসারণের নির্দেশ দেয়।সূত্রটি আরও জানায়, এসব ইটভাটায় প্রতি বছর ৫০০ থেকে ৬০০ মেট্রিক টন কয়লা পোড়ানো হয় এবং প্রতিবছর ৩০ লাখ ইট উত্পাদিত হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।