গাজীপুরে ছিনতাইকারীর গুলিতে এসআই আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছিনতাইকারীর গুলিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) মো. হাসান (৪০) নামের একজন উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে ভোগড়ার বর্ষা সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে। হাসানের বাম চিবুকে গুলি লেগেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে গাজীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকালে ওই এলাকায় টহল দল নিয়ে এসআই হাসান দায়িত্ব পালন করছিলেন। সকাল ছয়টার দিকে বর্ষা সিনেমা হলের সামনে একটি প্রাইভেট কার চলন্ত একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী পড়ে যায়। পরে প্রাইভেট কার থেকে কয়েকজন যুবক নেমে মোটরসাইকেলের আরোহীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি এসআই মো. হাসানের বাম চিবুকে লাগে। পরে পুলিশ পাল্টা গুলি ছুড়লে ছিনতাইকারীরা পালিয়ে যায়। হাসান বর্তমানে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন আছেন।গাজীপুর সদর হাসপাতালের চিকিত্সক মো. আবুল কালাম আজাদ জানান, হাসান এখন শঙ্কামুক্ত। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।