গাজীপুরে জমি অধিগ্রহণের গুজবে মহাসড়ক অবরোধ, শতাধিক গাড়ী ভাঙচুর
গাজীপুরের ভোগড়া এলাকায় আজ শনিবার উত্তেজিত লোকজন ঢাকা বাইপাস ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শতাধিক গাড়ি ভেঙেছে। তারা একটি গার্মেন্টসেও আগুন ধরিয়ে দেয়। মহাসড়ক অবরোধের ফলে চান্দনা চৌরাস্তা ও ঢাকা বাইপাস দিয়ে উত্তরবঙ্গসহ বৃহত্তর ময়মনসিংহের অন্তত ৪০টি রুটের কয়েক শ গাড়ি আটকা পড়ে।যে প্রকল্প নেই, সেই প্রকল্প বাতিলের দাবিতে সমাবেশ ডাকা হয়েছিল সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে। সেখানে গুজব ছড়ানো হয় যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) উপশহর প্রকল্প করে জমি অধিগ্রহণ করছে। এতে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে তারা মহাসড়কে নেমে গাড়ি ভাঙা শুরু করে।রাজউকের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গাজীপুর উপশহর নামে কোনো প্রকল্প তাদের নেই। এ নিয়ে কোনো প্রক্রিয়াও শুরু হয়নি।ভোগড়া এলাকায় ঢাকা বাইপাসের মুখে আয়োজিত সমাবেশের একপর্যায়ে গাজীপুর-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক বলেন, গাজীপুরের তিনটি ইউনিয়ন ও টঙ্গীর অংশবিশেষ নিয়ে রাজউকের কথিত উপশহর প্রকল্প আন্দোলনের মুখে বাতিল হয়ে গেছে। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন, ‘জনস্বার্থবিরোধী কোনো পদক্ষেপ আওয়ামী লীগ সরকার নেবে না।’বিকেল সাড়ে চারটার পর বিশৃঙ্খল অবস্থার মধ্যে সমাবেশ শুরু হয়। সাংসদ ছাড়াও স্থানীয় গাছা, বাসন ও পূবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতারা সমাবেশে বক্তব্য দেন। গাজীপুরের পুলিশ সুপার এস এম মাহফুজুল হক নূরুজ্জামান জানান, একটা অপপ্রচারে এলাকাবাসী বিক্ষোভ করেছে। এ সময় বিক্ষুব্ধ লোকজন শতাধিক গাড়ি ভাঙচুর করে। তিনি জানান, সন্ধ্যা সাতটা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে।স্থানীয় সূত্রে জানা গেছে, কথিত উপশহর প্রকল্প ও বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) প্রতিবাদে সমাবেশ উপলক্ষে আজ বিকেল চারটা থেকে চান্দনা চৌরাস্তা, নাওজোড়, ভোগড়া, বাসনসহ আশপাশের এলাকায় দোকানপাট, যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশস্থল ঢাকা বাইপাস সড়ক মোহনায় হঠাত্ উত্তেজিত লোকজনের সঙ্গে স্থানীয় রোজ গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়। শ্রমিকেরা গার্মেন্টস ভবনের ছাদে ও এলাকাবাসী সড়কে অবস্থান নিয়ে পরস্পরের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে লোকজন রোজ নিটিংয়ে ঢুকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে গাজীপুর ফায়ার সার্ভিসের সদ্যসরা গিয়ে আগুন নেভান। গাজীপুর দমকলের উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, আগুনে গার্মেন্টসের ভেতরে দুটি টিনের শেড পুড়ে গেছে। বিক্ষুব্ধ লোকজন রোজ নিটিংয়ের ভেতরে রাখা ১৫টি গাড়ি ভাঙচুর করে। পরে তারা মহাসড়কে বেপরোয়া গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতির কিছুটা উন্নতি হলে বেলা পাঁচটার দিকে ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে দেখা যায় আটকে পড়া গাড়ির সারি।এ ব্যাপারে জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদার কথিত উপশহর প্রকল্পের উল্লেখ করে বলেন, কে, কোথায়, কবে জমি অধিগ্রহণ করবে, তার খবর নেই। কেবল গুজবের ওপর ভিত্তি করে লোকজন যে আচরণ করছে, তা দুঃখজনক। তিনি বলেন, রাজউকের জমি অধিগ্রহণের খবরের কোনো ভিত্তি নেই।আন্দোলনকারীরা জানান, রাজউকের প্রস্তাবিত উপশহর প্রকল্প ও বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়িত হলে এসব এলাকায় বসবাসকারী ১০ হাজার পরিবারের ঘরবাড়ি ও অসংখ্য মিল-কল-কারখানা ক্ষতিগ্রস্ত হবে।