গাজীপুরে জুতা কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার একটি জুতা তৈরির কারখানায় গতকাল রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।গাজীপুরের দমকল বাহিনীর উপপরিচালক রফিকুল ইসলাম জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কাজ না থাকায় এ সময় কারখানায় কেউ ছিল না। তবে আগুন নেভাতে গিয়ে পাঁচ ব্যক্তি আহত হয়েছেন।জানা গেছে, কালিয়াকৈরে অবস্থিত অ্যাপেক্স অ্যাডেলকি ফুটওয়্যার লিমিটেডের (ইউনিট ২) দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সাভার ইপিজেড ও গাজীপুর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।কারখানা সূত্রে জানা গেছে, আগুনে রপ্তানির জন্য প্রস্তুত ৩০ হাজার জোড়া জুতা, ৩৫ হাজার জোড়া জুতা তৈরির উপাদান ও জুতা তৈরির তিনটি মেশিন পুড়ে গেছে। তবে কারখানার জি এম সৈয়ম মো. মোস্তাক প্রথম আলোকে বলেন, ‘আগুনে অনেক কিছুই পুড়ে গেছে। আমরা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করার চেষ্টা করছি।’