গাজীপুরে ট্রেনের ধাক্কায় কলেজছাত্রী নিহত, সড়ক অবরোধ
মোবাইল ফোনে কথা বলার সময় গাজীপুরের পূবাইলে শামীমা আক্তার নামের এক কলেজছাত্রী আজ বৃহস্পতিবার সকালে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। লেভেল ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস তাঁকে ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।শামীমা স্থানীয় পূবাইল আদর্শ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর মৃত্যুতে সহপাঠী ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে লেভেল ক্রসিংয়ের পাশে রেলের গুমটি ঘর ভাঙচুর ও গেটম্যানকে মারধর করে। বিক্ষুব্ধ জনতা টঙ্গী-কালীগঞ্জ সড়ক অবরোধ করে দুটি বাস ভাঙচুর করে। এ সময় ওই সড়কে ২০ মিনিট যান চলাচল বন্ধ ছিল।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কলেজ বন্ধ থাকলেও শামীমা প্রতিদিন একটি কোচিংয়ে ক্লাস করতেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে কোচিং শেষে তিনি হেঁটে পূবাইল কলেজ গেটে আসছিলেন। মোবাইল ফোনে কথা বলার কারণে তিনি অন্যমনস্কভাবে লেভেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় মহানগর এক্সপ্রেসের ধাক্কায় শামীমা সড়কের পাশে ছিটকে পড়ে যান। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।পূবাইল আদর্শ কলেজের অধ্যক্ষ আক্কাস আলী প্রথম আলোকে বলেন, শামীমা এসএসসিতে জিপিএ ৫ পেয়েছিল। এইচএসসিতে সে ভালো ফল করবে বলে সবার আশা ছিল।