গাজীপুরে থেমে থেমে যানজট লেগেই আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এসব মহাসড়কের গাজীপুরের বিভিন্ন অংশে থেমে থেমে যানজট লেগেই রয়েছে। বঙ্গবন্ধু সেতুর মেরামতকাজ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে কোরবানির পশুবাহী ট্রাক উল্টে পড়ায় গতকাল সোমবার এই যানজট আরও ভয়াবহ আকার ধারণ করে। গাজীপুরের বিভিন্ন বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর সিগন্যাল, টঙ্গী স্টেশন রোড, সদর উপজেলার চান্দনা চৌরাস্তা, ভোগড়া-ঢাকা বাইপাস মোড় এলাকায় গতকাল সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর থেকে গাজীপুরের কালিয়াকৈরের সূত্রাপুর পর্যন্ত দীর্ঘ যানজট দেখা দেয়। চন্দ্রাসহ বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাসের কাউন্টার থেকে যাত্রী তুলতে গিয়ে বাসগুলোকে সড়কের ওপর দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এর জন্যও যানজটের সৃষ্টি হচ্ছে। ভোগড়া এলাকার লোকজন জানান, মোড়ে পুলিশের তৎপরতা কম থাকায় ঢাকা বাইপাস সড়কে থেমে থেমে যানজট লেগে থাকছে। গোড়াই মহাসড়ক থানার ওসি সানোয়ার হোসেন বলেন, যানবাহনের চাপ বৃদ্ধির পাশাপাশি গরুবাহী ট্রাকগুলো ধীরে চলাচল করায় যানজটের সৃষ্টি হচ্ছে। জট নিরসনে অতিরিক্ত পুলিশ কাজ করছে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল সকালে যানজট-পরিস্থিতি দেখতে গাজীপুরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।