গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় যুবলীগের কর্মী বেলায়েত হোসেন এবং ছাত্রলীগের কর্মী জামান নামে দুজনকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।ছাত্রলীগের এ সংঘর্ষের ঘটনায় গত দুই দিনে দুই পক্ষের অন্তত ৩০ জন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।উল্লেখ্য, কাপাসিয়া উপজেলায় ছাত্রলীগের কমিটি গঠন এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত মঙ্গল ও বুধবার দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ এবং পুলিশের লাঠিচার্জের ঘটনাও ঘটে।পরে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় ছাত্রলীগের দুই পক্ষের অন্তত ৩০ জন কর্মী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।কাপাসিয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা দাবি করেছেন, কাপাসিয়ায় স্থানীয় এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের অনুপস্থিতির কারণেই বিশৃঙ্খলাকারীরা এসব ঘটনা ঘটাতে সাহস পাচ্ছে।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, বিবদমান দুটি পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত মঙ্গল ও বুধবার ইফতারের আগে ও পরে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আজ গ্রেপ্তার হওয়া বেলায়েত হোসেনের বড় ভাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে এবং আহত আলমগীরের বড় ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে নয়জনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় পৃথক মামলা করেছেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, বিশৃঙ্খলাকারীরা নামধারী ছাত্রলীগ হোক আর যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, তবে যেকোনো ধরনের সংঘর্ষ সামাল দিতে পুলিশ প্রস্তুত আছে।