গাজীপুরে দুটি পোশাক কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ
গাজীপুর উপজেলায় দুটি তৈরি পোশাক কারখানায় আজ শনিবার সকাল আটটা থেকে শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন ও ভাঙচুর করছেন। পোশাক কারখানা দুটির একটি পূর্ব চন্দ্রা (বোর্ড মিল) এলাকায় এবং অপরটি উপজেলার রতনপুর গ্রামে। মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড ও মিটওয়্যার লিমিটেড নামে এ দুটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে এ বিক্ষোভ প্রদর্শন করছেন বলে জানা গেছে।শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, এ কারখানা দুটিতে গত বৃহস্পতিবার দুপুরে শ্রমিকদের বেতন দিয়ে ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকেরা অভিযোগ করেছেন, সরকার-ঘোষিত বেতন কাঠামো অনুযায়ী তাঁদের বেতন দেওয়া হয়নি। শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় তাঁরা আজ শনিবার সকাল থেকে কারখানার সামনে অবস্থান নিয়ে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও ভাঙচুর শুরু করেছেন। এ ঘটনায় কারখানার পাঁচ কর্মকর্তা আহত হয়েছেন।ভাঙচুরের খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানার পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, দুটি কারখানাতেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।