গাজীপুরে দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার রেলক্রসিংয়ে জয়দেবপুর-রাজশাহী রেললাইনে ট্রেনে কাটা পড়ে মা (৩২) ও মেয়ের (৪) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। এদিকে একই জেলার কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় আরও এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা বলে পুলিশ জানিয়েছে।দুর্ঘটনায় নিহত মা ও মেয়ের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈর উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া সড়কের ভান্নারা এলাকায় অজ্ঞাত পরিচয়ের ওই নারী আজ বেলা পৌনে দুইটার দিকে মেয়েকে কোলে নিয়ে রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় জয়দেবপুর থেকে রাজশাহীগামী ‘নীলসাগর’ নামের একটি ট্রেন আসতে দেখে এলাকাবাসী চিত্কার করে তাঁকে সরে যেতে বলেন। কিন্তু তিনি সরে না যাওয়ায় ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান।ভান্নারা রেলক্রসিংয়ের গেটম্যান কামরুল ইসলাম বলেন, ওই নারীকে রেললাইন থেকে সরে যেতে বললেও তিনি তা না করায় এ দুর্ঘটনা ঘটে। এ থেকে ধারণা করা হচ্ছে তিনি তাঁর মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছেন। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) এমদাদ হোসেন প্রথম আলো ডটকমকে জানান, ঘটনাটি তিনি শুনেছেন।এদিকে আজ সকালে কাপাসিয়া এলাকায় মোটরসাইকেল চাপায় শারফুদ্দিন সরকার (৭৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি কাপাসিয়া উপজেলার বাকুয়াদি এলাকার বাসিন্দা।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, আজ সকালে বাকুয়াদি এলাকার নিজ বাসা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় একটি মোটরসাইকেল তাঁকে চাপা দেয়। এতে গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত ব্যক্তি মুক্তিযোদ্ধা ছিলেন বলে ওসি দাবি করেন।