গাজীপুরে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন কমিশন ভোটারদের ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে ভোট দিতে সহযোগিতা করেছে।গাজীপুরে ভোট গ্রহণ শেষ হওয়ার পর গতকাল শনিবার বিকেলে ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন। তিনি জনরায় মেনে নেওয়ার জন্য সব প্রার্থী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ফল ঘোষণার পর কোনো ধরনের বিজয় মিছিল না করার জন্যও অনুরোধ জানান।সিইসি বলেন, প্রার্থী, সমর্থক ও রাজনৈতিক দল কিছু অভিযোগ ও পাল্টা অভিযোগ করেছে। যেসব অভিযোগের ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে, সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিশৃঙ্খলা রক্ষায় আজ রোববারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী এলাকায় অবস্থান করবে। তিনি বলেন, আজকাল যে পদ্ধতি চালু হয়েছে, স্বচ্ছ ব্যালট বাক্স হয়েছে, তার ওপর সবার যে সতর্ক দৃষ্টি; তাতে কেন্দ্র দখল, কারচুপি বা ভোট ডাকাতি সম্ভব নয়। বিএনপির অভিযোগ সম্পর্কে সিইসি বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অনিয়ম-সমস্যা তৈরি হয়নি। যেখানে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে, সেখানে র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ভোটকেন্দ্র ছাড়াও আশপাশের এলাকাগুলোতে গণমাধ্যম যেভাবে দৃষ্টি রেখেছে, তাতে ভোটের প্রকৃত অবস্থা সম্পর্কে দেশ-বিদেশে অবহিত করা সম্ভব হয়েছে। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবদুল মোবারক, জাবেদ আলী ও মোহাম্মদ শাহনেওয়াজ, কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।বিএনপির অভিযোগ: এর আগে বেলা তিনটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নেতৃত্বে দলের তিন সদস্যের প্রতিনিধিদল সিইসির সঙ্গে দেখা করে গাজীপুরের ভোট গ্রহণ নিয়ে কিছু অভিযোগ করেন। পরে এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, গাজীপুরের বেশ কিছু জায়গায় আইনশৃঙ্খলা লঙ্ঘিত হয়েছে। সরকারি কর্মকর্তারা আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেছেন। রিটার্নিং কর্মকর্তার দপ্তরে অবস্থান করে সরকারের গোয়েন্দা সংস্থার লোকজন নির্বাচন পর্যবেক্ষণ করছেন। ৪১ নম্বর ওয়ার্ডে (টঙ্গী) একজন পুলিশ কর্মকর্তা নিজে উপস্থিত থেকে ব্যালটে সিল মেরেছেন। ৫৪ নম্বর ওয়ার্ডে একজন নারী একাই ৩৬টি জাল ভোট দিয়েছেন।