গাজীপুরে পাঁচ যুবকের মৃত্যুদণ্ড
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার স্বর্ণব্যবসায়ী কৃষ্ণ সরকারের খুনের মামলায় পাঁচ যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ (১ম) আদালতের বিচারক মো. জাকির হোসেন এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—কুমিল্লার হোমনা থানার বড়বাড়ি গ্রামের আরিফ হোসেন (৪০), টাঙ্গাইলের মির্জাপুর থানার সাহাপাড়া গ্রামের শ্যামল সূত্রধর (২৫), কালিয়াকৈর থানার বরাব গ্রামের জহিরুল ইসলাম (২৬), একই গ্রামের আনোয়ার হোসেন (৩০) ও টাঙ্গাইলের কালিহাতী থানার মীর হামজানী পশ্চিমপাড়া গ্রামের নিখিল চন্দ্র সূত্রধর (৩৫)।রায়ে মৃত্যুদণ্ড ছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই মামলায় ২০১ ও ৩৪ ধারায় (লাশ গুম ও আলামত সরানোর অপরাধে) তাঁদের প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৪ জানুয়ারি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পশ্চিম ভান্নারা গ্রামের কৃষ্ণ সরকার বাড়ি থেকে দোকানে ঘুমাতে যান। পরদিন দোকানে কৃষ্ণকে পাওয়া যায়নি। ভান্নারা গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বরাব গ্রামের একটি জলাশয়ে তাঁর মৃতদেহ পাওয়া যায়। এ ব্যাপারে কৃষ্ণের বাবা অনিল সরকার ওই বছরের ৫ জানুয়ারি কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুহাম্মদ মাহফুজুর রহমান তদন্ত শেষে ছয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। পরে আদালত পাঁচজনেক মৃত্যুদণ্ড ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি বরাব গ্রামের মাসুদকে বেকসুর খালাস দিয়েছেন।