কালিয়াকৈর-নবীনগর সড়কের একপাশে যান চলাচল বন্ধ
গাজীপুরে পাইপ ফেটে গ্যাস বেরুচ্ছে, আগুন
গাজীপুরে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের জিরানী এলাকায় (বিকেএসপির সামনে) আজ সোমবার সকালে ভূগর্ভস্থ গ্যাস লাইনের পাইপ ফেটে সড়কের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে গ্যাস বেরুচ্ছে। বেলা আড়াইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত কালিয়াকৈর-নবীনগর সড়কের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকায় ভূগর্ভস্থ গ্যাসের পাইপ ফেটে হঠাৎ আগুন ধরে যায়। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে এবং আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে সাভারের ঢাকা ইপিজেড দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং রাস্তায় লাল কাপড় টাঙিয়ে ওই পথে যান চলাচল বন্ধ করে দেয়।ইপিজেড দমকলের সিনিয়র স্টেশন অফিসার আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা এড়াতে নবীনগর-কালিয়াকৈর সড়কের পূর্ব পাশের রাস্তা বন্ধ রয়েছে। তবে সড়কের অন্যপাশ দিয়ে একদিক হয়ে যানবাহন চলাচল করছে। বিষয়টি তিতাস কর্তৃপক্ষকে জানানো হয়েছে।ওই এলাকার ব্যবসায়ী নূরুল হক ও আজিজুল ইসলাম জানান, কালিয়াকৈর-নবীনগর সড়কের প্রায় আধা কিলোমিটার এলাকায় অনেক দিন ধরে নিচ থেকে গ্যাস নির্গমন হচ্ছে। বৃষ্টি হলে তা পুরোপুরি বোঝা যায়।সাভার তিতাস গ্যাস অফিসের জোনাল ম্যানেজার প্রকৌশলী আবদুল ওহাব ওই এলাকায় গ্যাস বের হওয়ার বিষয়টি জানিয়ে বলেন, দ্রুত পাইপ মেরামতের ব্যবস্থা করা হচ্ছে।