গাজীপুরে পিকআপ ভ্যান-লেগুনা সংঘর্ষে নিহত ৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদর উপজেলার কড্ডা ব্রিজের পাশে আজ রোববার ভোরে পিকআপ ভ্যানের সঙ্গে লেগুনার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। হতাহত সবাই লেগুনার যাত্রী।নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন—মঞ্জুরা বেগম (২৫), তাঁর স্বামী রুহুল আমিন (৩০) ও শামীম (২০)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের চৌরাস্তা থেকে কোনাবাড়ীগামী কাঁচামালভর্তি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মঞ্জুরা বেগমের মৃত্যু হয়। পরে গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাত দুই যুবক এবং চিকিৎ্সাধীন অবস্থায় শামীম ও রুহুলের মৃত্যু হয়। কোনাবাড়ী মহাসড়ক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।