গাজীপুরে পুলিশের গুলিতে ‘ডাকাত’ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে শ্রীপুর-মাওনা চৌরাস্তা সড়কের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। তাঁর আনুমানিক বয়স ২৫ বছর।পুলিশের দাবি, সড়ক অবরোধ করে ডাকাতির সময় পুলিশের গুলিতে মারা যান ওই ব্যক্তি। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া জানান, একটি মাইক্রোবাসে করে গতকাল সোমবার দিবাগত রাতে টহল দিচ্ছিল পুলিশ। রাত তিনটার দিকে ১৫ জনের একটি ডাকাতদল শ্রীপুর-মাওনা চৌরাস্তা সড়কের বকুলতলা এলাকায় বেশ কিছু আরসিসি (সিমেন্টের) খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করে। পরে তারা পুলিশের ব্যবহূত মাইক্রোবাসে দা দিয়ে হামলা চালায়। পুলিশের সদস্যরা তাঁদের পরিচয় দেওয়ার পরও অবরোধকারীরা হামলা চালাতে থাকে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে একজনের মাথায় গুলি লাগে। অন্যরা পালিয়ে যায়। তাদের হামলায় পুলিশের এএসআই সবুজ মিয়া (৩৫) আহত হন। গুলিবিদ্ধ ওই যুবককে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। আহত পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।