গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে আহত ১০
গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের একটি পোশাক কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার কালিয়াকৈর-নবীনগর সড়কের জিরানী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।কারখানার কর্মকর্তা ও শ্রমিকেরা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে জিরানী এলাকার রেডিয়্যাল ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি রপ্তানিমুখী পোশাক তৈরি কারখানার জেনারেটর চালানোর জন্য আনা গ্যাস লাইনের গেট ভাল্বে হঠাত্ বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এতে কারখানার গ্যাসচালিত জেনারেটর রুম, ইলেকট্রিক রুম ও কোয়ালিটি কনট্রোলার রুমেও আগুন ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। পরে খবর পেয়ে সাভার ইপিজেডের দমকল বাহিনী প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আক্তারুজ্জামান জানান, কারখানার গ্যাস জেনারেটরে ত্রুটি থাকায় বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।কারখানার মহাব্যবস্থাপক আবুল কালাম জানান, কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণব্যবস্থা ভালো হওয়ায় শ্রমিক ও কর্মকর্তারা আগুন নেভাতে সহায়তা করতে পেরেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে তিনি দাবি করেন।