গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ২১ শ্রমিকের মৃত্যু
গাজীপুর সদরের ভোগড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। কারখানার ওপর তলায় আটকা পড়ে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে তাঁরা মারা যান। আরও কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।মারা যাওয়া শ্রমিকদের মধ্যে ১১ জনের মৃতদেহ গাজীপুর সদর হাসপাতাল, সাতজনের টঙ্গী সরকারি হাসপাতাল ও তিনজনের মৃতদেহ বোর্ডবাজার বড়বাড়ী এলাকার তায়েরুন্নেছা মেডিকেল হাসপাতালে রাখা হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হচ্ছেন রওশন আরা (৪৫), সাহারা খাতুন (৩২), মাজেদা খাতুন (৩০), জরিনা (৪৫), শাহীনুর (৩৫), ফরিদা (৪০), মজিদা খাতুন (৩৫)।আহত শ্রমিক, পুলিশ ও দমকলকর্মীরা জানান, রাত নয়টার দিকে ভোগড়া এলাকার সাততলা গরিব অ্যান্ড গরিব গার্মেন্টসের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ওই তলায় রাখা বিপুল পরিমাণ তৈরি পোশাক থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শ্রমিকদের নিচে নামার সিঁড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়লে ওপরের সব তলার শ্রমিকেরা আটকা পড়েন। এ সময় শ্রমিকদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে পড়া শ্রমিকেরা আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পাওয়ার জন্য আহাজারি করছিলেন। রাত ১১টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে উদ্ধার অভিযান শুরু হয়। এরপর একে একে মৃত ও সংজ্ঞাহীন দেহগুলো উদ্ধার হতে থাকলে সেখানে তাঁদের সহকর্মী ও স্বজনদের আহাজারি শুরু হয়। গাজীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আলী হায়দার জানান, কেউ অগ্নিদগ্ধ হননি। সবাই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন।