গাজীপুরে পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ, পুলিশসহ আহত ৩০
মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গাজীপুর সদর উপজেলার নওজোর এলাকার দিগন্ত পোশাক তৈরির কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। কারখানার কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার তাঁদের গত মাসের বেতন-ভাতা দেওয়া হয়েছে। তখন উত্পাদন মজুরি ৩২ টাকার স্থলে ২৭ টাকা দেওয়া হয়। এ নিয়ে তাঁরা সেদিন প্রতিবাদ জানালেও কর্তৃপক্ষ তা শোনেনি। আজ সকাল আটটার দিকে শ্রমিকেরা এক ঘণ্টা কাজ করার পর সংগঠিত হয়ে কর্তৃপক্ষকে দাবি মেনে নেওয়ার অনুরোধ করেন। কিন্তু কারখানার জিএম মোতালেব মিয়া দাবি না মেনে শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে শ্রমিকেরা আন্দোলন শুরু করেন।গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, পোশাক-শ্রমিকেরা আজ সকালে দিগন্ত পোশাক কারখানার জিএম মোতালেব মিয়ার অপসারণ ও মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সকাল নয়টার দিকে তাঁরা কারখানার জানালার কাচ, কারখানা দুটি গাড়ি ভাঙচুর করেন। শ্রমিকেরা কারখানার গেট খুলে পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফেলে সড়ক অবরোধ করেন। এরপর মহাসড়কে চেয়ার-বেঞ্চে অগ্নিসংযোগ করেন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশ ও কারখানা কর্তৃপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় গাজীপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আক্তারুজ্জামানসহ ১৫-২০ জন পুলিশ সদস্য, কারখানার মার্চেন্ডাইজার সোহেল রানা ও শাকিল আহমেদ, কারিগরি ব্যবস্থাপক মো. হযরত আলী, ঝুট ব্যবসায়ী সেন্টু মিয়াসহ অনেকেই আহত হন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।এরপর গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার, পুলিশ সুপার এস এম মাহফুজুল হক নুরুজ্জামানসহ স্থানীয় নেতাদের নিয়ে দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে আসেন। তাঁরা কারখানা-সংলগ্ন এমএইচ ফিলিং স্টেশনের সামনে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। মোজাম্মেল হক কারখানা কর্তৃপক্ষকে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘এ সরকার শ্রমিকদের সুখে-দুঃখে আগেও সঙ্গে ছিল, বর্তমানেও আছে। বর্তমান প্রধানমন্ত্রী শ্রমিকদের বেতন বাড়িয়েছেন, যা নভেম্বর মাস থেকেই কার্যকর হয়েছে।’কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল উদ্দিন শ্রমিকদের উত্পাদন মজুরি বাড়ানোর দাবি মেনে নিয়ে আগামী সোমবার বিকেলে তা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা বিক্ষোভ বন্ধ করেন। পরে দুপুর দুইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু হয়।