গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল সোমবার সকালে বাসচাপায় এক পোশাককর্মী নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে কমপক্ষে ২৫টি গাড়ি ভাঙচুর করে ও ১৫টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় আশপাশের পাঁচ-ছয়টি তৈরি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। তিন ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।নিহত পোশাককর্মী শেরপুরের শ্রীবর্দী উপজেলার সুজন মিয়া (২২)। তিনি জয়দেবপুর চৌরাস্তা এলাকায় প্রাইম সোয়েটার কারখানায় কাজ করতেন। আহত ব্যক্তিরা হলেন আজির মণ্ডল (৬০), সাবির মোল্লা (৬৫), আবদুল হালিম (৫৪), রফিকুল (২৯), নাসির উদ্দিন (৪২), আ. গফুর (৫০), চায়না বেগম (২৫), রুবেল মিয়া (১৮), পারুল আক্তার (২০) ও মনোয়ারা (২৭)। তাঁদের স্থানীয় সুলতান হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও চিকিত্সাধীন আহতদের সূত্রে জানা যায়, গতকাল সকাল আটটার দিকে ওই ১১ জন বোর্ডবাজার বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা থেকে কোনাবাড়িগামী অনাবিল পরিবহনের একটি মিনিবাস বেপরোয়া গতিতে এসে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে সুজন মিয়ার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর বাসচাপায় পাঁচ-ছয়জন পোশাকশ্রমিক নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। এতে বোর্ডবাজারের আশপাশের পোশাক কারখানার শ্রমিকেরা বের হয়ে সড়কে যানবাহন ভাঙচুর শুরু করে। সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তাদের মধ্যে কয়েক দফা ধাওয়া ও পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বোর্ডবাজার সড়কে জয়দেবপুর চৌরাস্তা দিয়ে চলাচলকারী ২৮টি সড়কপথের যাত্রীবাহী বাস ও মিনিবাস আটকা পড়ে। এর মধ্যে বিশ্ব ইজতেমা-ফেরত অনেক যাত্রী ছিলেন। নারী ও শিশু যাত্রীদের কান্নাকাটি করতে দেখা যায়।এক পর্যায়ে শ্রমিকেরা সড়কের দখল নিয়ে ২৫টি গাড়ি ভাঙচুর করে ও ১৫টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সকাল সাড়ে ১০টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফের যানচলাচল শুরু হয়।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ দাবি করেন, ক্ষুব্ধ লোকজন ১১টি বাস ও একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পুলিশের রেকারের ব্যাপক ক্ষতি করে। শ্রমিকেরা স্থানীয় রাবাব ফ্যাশন, ইউনি গিয়াস সোয়েটার, রূপা নিটওয়্যার, ইউনিক ওয়াশিং, অতশি গার্মেন্টস, ভি সাইন গার্মেন্টসে গিয়ে ভাঙচুর করে। এ সময় বোর্ডবাজার এলাকার দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৩টি কাঁদানে গ্যাসের শেল ও ১৬টি রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় দুটি মামলা হয়েছে। নিহত শ্রমিকের পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়। সরকারি কাজে বাধা দেওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে।