গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ বোনাস বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এপেক্স হোল্ডিং লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা আজ সোমবার সকালে বিক্ষোভ মিছিল ও কারখানা ভাঙচুর করেছেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশ, পথচারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বচান্দরা এলাকার ওই কারখানার শ্রমিকেরা ঈদ বোনাস ও হাজিরা বোনাস বাড়িয়ে মূল বেতনের সমপরিমাণ করার দাবিতে আজ সকাল সাড়ে ১০টার দিকে কারখানার সামনে খোলা স্থানে বিক্ষোভ সমাবেশ করেন। একপর্যায়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে কারখানার প্রধান ফটকের পাশে থাকা শ্রমিক ইউনিয়ন অফিস, প্রশাসনিক কার্যালয়সহ কয়েকটি সেকশনের দরজা-জানালার কাচ, আসবাব, কম্পিউটার, সিসি ক্যামেরা এবং শ্রমিকদের হাজিরার পাঞ্চ মেশিন ভাঙচুর করেন। পরে উত্তেজিত শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে সামনে থাকা প্রায় ১০-১২টি দোকানপাট ভাঙচুর করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ, গাজীপুর শিল্প পুলিশ ও আর্মড পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকেরা আবার জড়ো হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম, কনস্টেবল আবদুল জব্বার, কারখানার শ্রমিকনেতা ও পৌর কাউন্সিলর সামছুল আলম সরকার, সাহাদত হোসেন, জাহিদ মিয়া, বেলাল হোসেন, সাইদুর রহমান, মফিজুল ইসলাম, পথচারী খলিলসহ অন্তত ২৫ জন আহত হন। আহত লোকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বেলা আড়াইটার দিকে কারখানা কর্তৃপক্ষ বৈঠক করে শ্রমিকদের দাবি মেনে নিয়ে আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করে।গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক কবির হোসেন জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।কারখানার সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) আনম জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।