গাজীপুরে পোশাক শ্রমিকদের ব্যাপক ভাঙচুর, আহত ৫০
উৎপাদন মজুরি বাড়ানোর দাবিতে গতকাল শনিবার গাজীপুর সদরের নাওজোড় এলাকার দিগন্ত সোয়েটার কারখানার শ্রমিকেরা কারখানায় ব্যাপক ভাঙচুর করেছেন। শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে গাড়িও ভাঙচুর করেন। এ সময় পুলিশ-শ্রমিক সংঘর্ষে উভয় পক্ষে প্রায় ৫০ জন আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকেরা কারখানার ভেতরে দুটি কাভার্ড ভ্যান ও একটি বাসের কাচ ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার পঞ্চম তলার নিটিং বিভাগ, দ্বিতীয় তলার প্রশাসনিক বিভাগ ও নিচতলায় ব্যাপক ভাঙচুর করেন। শ্রমিকেরা নিরাপত্তাকর্মীদের ঘরের আসবাবপত্রে অগ্নিসংযোগ করেন। তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে সাত-আটটি গাড়ি ভাঙচুর করেন।প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী শ্রমিকেরা জানান, গত বৃহস্পতিবার শ্রমিকদের অক্টোবর মাসের বেতন-ভাতা দেওয়া হয়। শ্রমিকেরা অভিযোগ করেন, তাঁদের উৎপাদন মজুরি কম ধরা হয়েছে। এ জন্য মাঝারি স্তরের কর্মচারীদের দায়ী করেন তাঁরা। গতকাল সকাল আটটার দিকে কিছু বিক্ষুব্ধ শ্রমিক কারখানায় এসে পঞ্চম তলায় নিটিং শাখায় ঢুকে উৎপাদন ব্যবস্থাপক ফরিদ হোসেন ও মাননিয়ন্ত্রণ বিভাগের মো. নয়নকে মারধর করেন। এ নিয়ে কারখানার শ্রমিক ও কর্মচারীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। একপর্যায়ে মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকেরা কারখানার নিচে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। শ্রমিকদের অভিযোগ, এ সময় কারখানা ভবনের কলাপসিবল গেট বন্ধ করে কর্মচারীরা ওপর থেকে বিভিন্ন ভারী বস্তু ছুড়তে থাকেন। এতে কয়েকজন শ্রমিক আহত হন। এরপর শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে কারখানায় দুই দফা ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে কয়েক হাজার শ্রমিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হন। সংঘর্ষে আহত শ্রমিক নাজমুল, সোহেল রানা, নয়ন মিয়া, শাকিল, আমজাদ, লুৎফুর, বেলাল, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, মোক্তার হোসেন, শহীদুল, জাফর মিয়া, মো. কাইয়ুম, লিটন মিয়া, সালাউদ্দিন হোসেন, নাহিদ ও ইকবালকে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।সংঘর্ষে শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আক্তারুজ্জামান, জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, মীরান হোসেনসহ পুলিশের ১৫ জন সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।সংঘর্ষের সময় গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন ছবি তুলতে গেলে শ্রমিকেরা তাঁকে মারধর করেন। এ সময় তাঁর কোমর থেকে পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে স্থানীয় সাংসদ আ ক ম মোজাম্মেল হকের উপস্থিতিতে কারখানার মূল ভবন প্রাঙ্গণে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে উন্মুক্ত বৈঠক হয়। এ সময় শ্রমিকেরা কারখানার নানা অনিয়ম তুলে ধরেন। শ্রমিকেরা শুক্রবার সাপ্তাহিক ছুটি ঘোষণা, বেতন-ভাতা বাড়ানোসহ ১০ দফা দাবি তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারও সেখানে উপস্থিত ছিলেন।বৈঠকে উভয় পক্ষ সমঝোতায় এলে দুপুরের দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। দুপুর আড়াইটায় টাঙ্গাইল সড়কে পুনরায় যান চলাচল শুরু হয়।শ্রমিক অসন্তোষ যাতে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে চান্দনা চৌরাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে রাখে। গোলযোগের আশঙ্কায় ঘটনাস্থলের অদূরে অ্যাথলেটিক সাপোর্ট লিমিটেড, কোস্ট টু কোস্ট (প্রা.) লিমিটেড, ট্রান্স ওয়ার্ল্ড বিজনেস করপোরেশন, গ্লোবাল সোয়েটার, রুহুল সোয়েটার, রেইন সোয়েটার, ফ্যাশন কালেকশনসহ আরও কয়েকটি কারখানার কর্তৃপক্ষ কারখানা ছুটি দিয়ে দেয়।পুলিশ সুপার এস এম মাহফুজুল হক নুরুজ্জমান জানান, সংঘর্ষের সময় পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে তাঁদের বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থা নেওয়া হবে।কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল উদ্দিন জানান, শ্রমিকেরা যেসব দাবি-দাওয়া করছেন, এর বেশির ভাগই আগে পূরণ করা হয়েছে।উল্লেখ্য, গাজীপুরের বৃহত্তম এই সোয়েটার কারখানায় ২২ হাজারেরও বেশি শ্রমিক কাজ করেন।শ্রমিকদের কর্মবিরতি: কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকার একটি সোয়েটার কারখানা ও উপজেলার রতনপুর গ্রামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল শনিবার কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন।কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, বাড়ইপাড়া এলাকার বিডি হেসং লিমিটেড নামে একটি সোয়েটার কারখানার প্রায় চার হাজার শ্রমিক উৎপাদন মজুরি বাড়ানোর দাবিতে গতকাল সকাল থেকে কর্মবিরতি শুরু করেন। এ সময় তাঁরা প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে থাকেন। শ্রমিকেরা জানান, অন্যান্য মাসের তুলনায় চলতি মাসে পিসপ্রতি মজুরি ছয় থেকে সাত টাকা কম দেওয়া হয়েছে। বেলা সাড়ে তিনটার দিকে শ্রমিকেরা বাড়ি ফিরে যান। শ্রমিকেরা জানান, তাঁদের কর্মবিরতি অব্যাহত থাকবে।কারখানার প্রশাসনিক কর্মকর্তা নাজমুল আলম জানান, শ্রমিকদের নিয়মমতোই মজুরি দেওয়া হয়েছে।এদিকে উপজেলার রতনপুর গ্রামের করনি নিট কম্পোজিট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানা কর্তৃপক্ষ গত বুধবার নতুন বেতনকাঠামো ঘোষণা করে। এতে নতুন শ্রমিকদের তুলনায় পুরোনো শ্রমিকদের বেতন কম বাড়ানো হয়েছে—এ অভিযোগে দুই শতাধিক পুরোনো শ্রমিক গত বুধবার থেকে কর্মবিরতি শুরু করেন।গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ নিয়ে পুলিশ, কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকেরা বৈঠকে বসেন। বৈঠক থেকে শ্রমিকদের জানানো হয়, সরকারের নির্ধারিত কাঠামো অনুযায়ীই তাঁদের বেতন নির্ধারণ করা হয়েছে। পরে শ্রমিকেরা বিষয়টি বুঝতে পেরে কাজে যোগ দেন।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, করনির সমস্যা সমাধান হলেও বিডি হেসংয়ের সমস্যার সমাধান হয়নি। সেখানে কর্মবিরতি অব্যাহত রয়েছে। দুটি কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।