গাজীপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী-গাজীপুরা এলাকায় আজ বুধবার পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। ওই এলাকার একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা বার্ষিক বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ লাঠিপেটা, টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার টঙ্গী-গাজীপুরা এলাকার স্যার্টন টেক্সটাইল লিমিটেড পোশাক তৈরি কারখানায় গত মঙ্গলবার বিকেলে শ্রমিকেরা বার্ষিক বেতন বৃদ্ধির দাবি জানান। কর্তৃপক্ষ আজ সকালে বেতন বাড়ানোর আশ্বাস দেন। কিন্তু শ্রমিকেরা সকাল আটটার দিকে কারখানায় কাজ করতে এসে দেখেন ‘অনিবার্য কারণবশত ফ্যাক্টরি বন্ধ থাকবে’ বিজ্ঞপ্তি ঝোলানো আছে। কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময়ে শ্রমিকেরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এতে ওই সড়কের উভয় দিকের ছয়-সাত কিলোমিটার রাস্তায় প্রায় দুই ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন। পরে সকাল ১০টার দিকে অতিরিক্ত পুলিশ এসে লাঠিপেটা, টিয়ার গ্যাস ও শর্ট গানের ফাঁকা গুলি ছোড়ার মাধ্যমে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। পুলিশের লাঠিপেটায় ১০ জন শ্রমিক আহত হন। তাঁদের স্থানীয় ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, কারখানায় প্রায় ছয় হাজার শ্রমিক রয়েছে। এঁদের বেশির ভাগ শ্রমিক এক বছরের বেশি সময় ধরে চাকরি করলেও কারখানা কর্তৃপক্ষ তাঁদের বেতন বৃদ্ধি করছে না।এ ব্যাপারে প্রথম আলো প্রতিবেদক কারখানার মহাব্যবস্থাপক শিশার্দির মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।গাজীপুর শিল্প পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ জানান, শ্রমিকদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ সাতটি শর্টগানের ফাঁকা গুলি ও ২৪ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে। বর্তমানে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।