গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর
পিসপ্রতি মজুরি বৃদ্ধির দাবিতে হোতাপাড়া এলাকায় মণিপুরীপাড়ার জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি পোশাককারখানার শ্রমিকেরা আজ রোববার সকালে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। তাঁরা পার্শ্ববর্তী একই গ্রুপের গিভেন্সী গার্মেন্টসের ফটক ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন।প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, ওই কারখানার প্রায় চার হাজার বিক্ষুব্ধ শ্রমিক আজ সকালে কাজে যোগ না দিয়ে মিছিল করে পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন। কিন্তু পুলিশের বাধার মুখে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান।বিক্ষুব্ধ শ্রমিকেরা পরে পার্শ্ববর্তী একই গ্রুপের গিভেন্সী গার্মেন্টসের ফটক ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালান। শ্রমিকেরা ডে-কেয়ার সেন্টারের শিশুদের তোশক, বালিশ, কাঁথা ও অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র বাইরে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে। এতে উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সৈয়দ মো. আজহারুল ইসলাম জানায়, ভাঙচুর শেষে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুনরায় গিভেন্সী গ্রুপের পাশাপাশি অন্য প্রতিষ্ঠান মণিপুরীপাড়া এলাকায় জাহিন টেক্স এ হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। তাত্ক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।আজহারুল ইসলাম আরও জানান, গত বৃহস্পতি ও শুক্রবার কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দেওয়ার সময় পিসপ্রতি মজুরি দর কম দিয়েছিল বলে শ্রমিকেরা প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু ওই ব্যাপারে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না দেওয়ায় আজ শ্রমিকদের মধ্যে আবার অসন্তোষ দেখা দেয়।