গাজীপুরে পোশাকশ্রমিকদের ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
গাজীপুরে পোশাকশ্রমিকেরা আজ বুধবার দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হওয়ায় নতুন ও পুরোনো শ্রমিকদের মধ্যে বেতন বৈষম্য হয়েছে অভিযোগে মুনলাইট গার্মেন্টসের শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। এর ফলে সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত ওই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।গাজীপুর সদর উপজেলার তারগাছ এলাকার মুনলাইন গার্মেন্টসের শ্রমিকদের দাবি, নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়ায় পুরোনো শ্রমিক ও নতুন শ্রমিক কাছাকাছি বেতন পাচ্ছেন। এ অবস্থায় তাঁরা বিষয়টি সংশোধনের জন্য মালিকপক্ষের কাছে আবেদন জানালেও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এরপর তাঁরা আজ সকাল নয়টা থেকে মহাসড়ক অবরোধ করেন।পুলিশ জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের চলে যাওয়ার অনুরোধ জানায়। কিন্তু তাতে কাজ না হলে পুলিশ শ্রমিকদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। বেলা ১১টা দিকে তাঁরা মহাসড়ক থেকে চলে যান।মালিকপক্ষ থেকে আজ জানানো হয়েছে, তারা শ্রমিকদের দাবির বিষয়টি বিবেচনা করবে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।