গাজীপুরে প্রিসাইডিং কর্মকর্তা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অভিযোগ ও পাল্টা অভিযোগ তুলছেন আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীরা। এবার নির্বাচনে যুক্ত প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন দুই দলের প্রার্থীরা। আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আজমত উল্লা খান দাবি করেছেন, এই নির্বাচনে বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত অনেককে প্রিসাইডিং কর্মকর্তা করা হয়েছে। অন্যদিকে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী এম এ মান্নান বলেছেন, সরকারি দলের রাজনীতির সঙ্গে যুক্ত অনেকেই প্রিসাইডিং কর্মকর্তা হয়েছেন। তবে রিটার্নিং কর্মকর্তা বলেছেন, সবার সম্মতিতেই প্রিসাইডিং কর্মকর্তা ঠিক করা হয়েছে। এখন যেসব অভিযোগ দেওয়া হচ্ছে সেগুলো ভিত্তিহীন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আজ বুধবার বিকেলে আজমত উল্লা খানের নির্বাচনী পরিচালনা অফিসের সমন্বয়কারী আমানত হোসেন খান অভিযোগ করেন, প্রিসাইডিং কর্মকর্তাদের মধ্যে এখন পর্যন্ত তাঁরা ৩৪ জনকে চিহ্নিত করতে পেরেছেন যারা ছাত্রদল ও শিবিরের সঙ্গে যুক্ত। এর মধ্যে ২৭ জন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ও সাতজন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের। তাঁরা নির্বাচনী দায়িত্বে থাকলে নির্বাচন প্রভাবিত হবে। তাই এই ৩৪ জনসহ ইসলামী ব্যাংকের যেসব কর্মকর্তা প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, তাঁদের নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে।আমানত হোসেন খান প্রথম আলো ডটকমকে বলেন, এই নির্বাচনের সঙ্গে যুক্ত ৩৯২ জন প্রিসাইডিং কর্মকর্তার মধ্যে অনেকেই ছাত্রদল ও শিবিরের সঙ্গে যুক্ত। তাঁদের অবশ্যই নির্বাচন থেকে সরাতে হবে।অন্যদিকে, ৮১ জন প্রিসাইডিং কর্মকর্তাকে নিয়ে অভিযোগ তুলছেন বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ মান্নান। গত সোমবার বিএনপি প্রার্থীর এজেন্ট সিদ্দিকুর রহমানও এই অভিযোগ দেন।সিদ্দিকুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। যাঁদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি তাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁদের প্রিসাইডিং কর্মকর্তা রাখলে বিশেষ দলের পক্ষে তাঁরা কাজ করবেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না। তাই আমরা তাঁদের নির্বাচনী কাজ থেকে প্রত্যাহার দাবি করছি।’নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রথম আলো ডটকমকে বলেন, ‘দুই প্রার্থীই ঢালাও অভিযোগ করছেন। কারণ, এই নির্বাচনে মোট ৩৯২ জন প্রিসাইডিং কর্মকর্তা। এর মধ্যে ৮১ জনের বিরুদ্ধে বিএনপি অভিযোগ দিয়ে বলছে, এরা আগে নাকি ছাত্রলীগ করতেন। কেউ কেউ বর্তমানে পেশাজীবী সংগঠন করেন। আবার আওয়ামী লীগ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে, যাঁরা ছাত্রদল-শিবির করেন। কিন্তু এসব নিয়ে বিতর্ক তোলা অর্থহীন। কারণ, সবাই সরকারি কর্মকর্তা। আর সরকারি কর্মকর্তারা যে দলেরই হোক না কেন, নির্বাচনে নিরপেক্ষভাবেই কাজ করছেন।’এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘নির্বাচনে ৩৯২ জন প্রিসাইডিং কর্মকর্তা ঠিক করার সময় সব মেয়র প্রার্থীর সঙ্গে কথা বলা হয়েছে। সবাই তালিকা দেখেছেন। তখন কেউ কোন আপত্তি করেননি। কিন্তু এখন প্রার্থীরা নানা অভিযোগ দিচ্ছেন। আমরা তাদের বলেছি, ঢালাওভাবে না বলে সুনির্দিষ্টভাবে কার বিরুদ্ধে কী অভিযোগ আছে সেটি জানান। তাহলে আমরা ব্যবস্থা নেব।’ ৬ জুলাই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনে ৩৯২ জন প্রিসাইডিং কর্মকর্তা, দুই হাজার ২৮৯ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং চার হাজার ৫৭৮ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।