গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানায় বিক্ষোভ
গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় তামান্না পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ করছেন।কারখানাটির শ্রমিকেরা জানান, কর্তৃপক্ষ ৭ ফেব্রুয়ারি তাঁদের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। আজ সকাল আটটায় কারখানা কর্তৃপক্ষ ১৫ ফেব্রুয়ারি বেতন দেওয়ার নতুন তারিখ ঘোষণা করলে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা এ সময় কারখানার বিভিন্ন কক্ষের আসবাবপত্র ও কাচ ভাঙচুর করেন। একপর্যায়ে বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ৮-১০টি গাড়ি ভাঙচুর করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কারখানার ভেতরে বিক্ষোভ চলছিল।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ভূঞা জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বেলা সোয়া ১১টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভের ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে তাত্ক্ষণিক কথা বলা সম্ভব হয়নি।