গাজীপুরে বন থেকে নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গজারিবন থেকে পুলিশ আজ বৃহস্পতিবার পান্না আক্তার (১৮) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে। পান্না ফরিদপুরের মধুখালী থানার চরপুকুরিয়া গ্রামের জামাল উদ্দিন মোল্লার মেয়ে। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. জিন্নাহ প্রথম আলো ডটকমকে জানান, পান্না আক্তারের গলায় ওড়না প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, কেউ তাঁকে শ্বাস রোধ করে হত্যার পর সেখানে লাশ ফেলে গেছে। লাশের পাশে পাওয়া মুঠোফোনের সিমকার্ডে সংরক্ষিত নম্বর থেকে পান্নার ঠিকানা নিশ্চিত হওয়া গেছে।পুলিশ ও এলাকাবাসী জানান, ছয় মাস আগে স্বামীর সঙ্গে পান্নার বিচ্ছেদ হয়। কিছুদিন আগে পান্না কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় তাঁর বড় ভাই তরিকুল ইসলামের বাসায় বেড়াতে যান। গতকাল বুধবার সন্ধ্যায় ভাইয়ের বাসা থেকে বের হন পান্না। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। সকালে এলাকাবাসী গজারিবনের ভেতরে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।