গাজীপুরে বসুন্ধরা কর্মকর্তার জামিন নামঞ্জুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ও ঠাকুরপাড়া এলাকায় সরকারি জমি দখল, মাটি চুরি ও সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় বসুন্ধরা গ্রুপের ‘মৌচাক সিটি’ প্রকল্পের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা মাসুম হোসেনের জামিন আজ সোমবার নামঞ্জুর করেছেন আদালত।মাসুমের পক্ষে আজ দুপুরে গাজীপুরের ২ নম্বর আমলি আদালতে জামিনের আবেদন করা হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শেখ তারিক এজাজ জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।মাসুম হোসেনের পক্ষে গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সুদিপ চক্রবর্তীসহ বেশ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন।প্রসঙ্গত, সরকারি জমি দখল, মাটি চুরি ও সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলমসহ ছয়জনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়।মামলাটি করেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোখলেছুর রহমান খান। মামলা দায়েরের পর ‘মৌচাক সিটি’ প্রকল্পের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা মাসুম হোসেনকে গ্রেপ্তার করা হয়।