গাজীপুরে বসুন্ধরার বিরুদ্ধে ভূমিহীন উচ্ছেদের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া মৌজায় সরকারি জমিতে ঘর বানিয়ে থাকা ৪৭টি ভূমিহীন পরিবারকে গত বছরের প্রথম দিকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নির্দেশে সন্ত্রাসীরা উচ্ছেদ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।ভূমিহীন পরিবারগুলোর পক্ষে মুক্তিযোদ্ধা মতিন সরকার গতকাল রোববার গাজীপুরের জেলা প্রশাসকের কাছে পেশ করা স্মারকলিপিতে এ অভিযোগ করেন।স্মারকলিপিতে ৪৭টি বসতঘরের মালামালসহ সব জিনিসপত্রের ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। উল্লেখ্য, ওই জমিতে বসুন্ধরা গ্রুপ এখন মৌচাক সিটি নামে একটি আবাসিক প্রকল্প গড়ে তুলছে।ভূমিহীনদের স্মারকলিপি: স্মারকলিপি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তাঁর বিশেষ সহযোগী সহিদুল ইসলামের নির্দেশে গত বছর ২৫ জানুয়ারি বিকেলে স্থানীয় সন্ত্রাসী রাজু, কফিলউদ্দিন, তছু খাঁ, ধলু মিয়া, বরকত সিকদার, নূর হোসেন, আবদুল মণ্ডল, রহমান; বসুন্ধরার কর্মচারী নূরে আলম, কুদ্দুস, মহসীন, রেজাউল করিম, আলমগীরসহ ৩০-৪০ জন দা, কোদাল, শাবল, লাঠি নিয়ে ট্রাকযোগে ঘটনাস্থলে আসে। সন্ত্রাসীরা জোর করে ভূমিহীন পরিবারগুলোর ঘরবাড়ি ভাঙতে শুরু করে। ভূমিহীনদের বাধার মুখে ১০টি পরিবারের ঘর গুঁড়িয়ে দেওয়ার পর তারা ফিরে যেতে বাধ্য হয়।একই দিন রাত দুইটার দিকে আরও বেশিসংখ্যক সন্ত্রাসী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আবার ভূমিহীনদের ওপর হামলা চালায়। তারা নির্বিচারে নারী-পুরুষ-শিশুকে মারধর করে ঘরবাড়ি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়।ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, সন্ত্রাসীরা পরদিন (২৬ জানুয়ারি) যন্ত্রচালিত নলকূপ বসিয়ে ভূমিহীনদের উচ্ছেদ করা ঘরবাড়ির শেষ চিহ্নটুকু পানি দিয়ে ধুয়ে গাছের চারা রোপণ করে। এ ব্যাপারে তখন ভূমিহীন পরিবারগুলো কালিয়াকৈর থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে উল্লিখিত জমি (১ নম্বর খাসখতিয়ানভুক্ত) তাদের নামে বরাদ্দের (লিজ) আবেদন জানায়। কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে কোনো সাড়া তারা পায়নি। এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘ওই ঘটনার সময় আমি এই থানায় কর্মরত ছিলাম না। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এখন থানায় এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’স্মারকলিপি পাওয়ার কথা নিশ্চিত করে জেলা প্রশাসক কামালউদ্দিন তালুকদার গতকাল প্রথম আলোকে বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ওই জমি দখলমুক্ত করতে নির্দেশ দেব। ক্ষতিগ্রস্ত ভূমিহীনদের সরকারের পক্ষ থেকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।’এ ব্যাপারে যোগাযোগ করা হলে বসুন্ধরার মুখপাত্র মোহাম্মদ আবু তৈয়ব কোনো মন্তব্য করতে রাজি হননি।আর কোনো আসামি গ্রেপ্তার হয়নি: কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন জানান, মামলা দায়েরের পর থেকেই উপজেলার মধ্যপাড়া ও ঠাকুরপাড়া এলাকায় অবস্থিত বসুন্ধরার মৌচাক প্রকল্প এলাকায় অভিযান চালালেও আসামিদের পাওয়া যায়নি।তবে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা ভূমি কর্মকর্তারা বসুন্ধরার মৌচাক প্রকল্প এলাকায় সরকারি জমি চিহ্নিত করে যেসব লাল নিশান পুঁতে রেখেছিলেন, সেগুলোর বেশির ভাগই উপড়ে ফেলা হয়েছে। মামলার বাদী সফিপুর এলাকার ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মোখলেছুর রহমান খান জানান, লাল নিশান তুলে ফেললেও আবার তা পুঁতে রাখা হবে।উল্লেখ্য, সরকারি জমি দখল, মাটি চুরি ও সরকারি কর্মকর্তাকে হুমকির অভিযোগে গত বৃহস্পতিবার রাতে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে সরকার। দণ্ডবিধির ৪৪৭, ৩৭৯, ৪২৭, ১৮৯ ও ১০৯ ধারায় করা দুটি মামলারই প্রধান আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম। বাকি আসামিরা মৌচাক সিটি প্রকল্পের কর্মকর্তা। আসামিদের মধ্যে মাসুম হোসেন মামলার পর পরই গ্রেপ্তার হন।