গাজীপুরে বাসচাপায় পুলিশ নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ শনিবার সকালে বাসচাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।নিহত পুলিশ কনস্টেবলের নাম মো. জাহাঙ্গীর আলম (৩৫)। তিনি জয়দেবপুর থানায় কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর সরকারি কাজে টাঙ্গাইলে যান। আজ সকালে সেখান থেকে জয়দেবপুর থানায় ফিরছিলেন তিনি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট থাকায় তিনি মোটরসাইকেল নিয়ে উল্টো পথে যাচ্ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে কালিয়াকৈরের সাহেব বাজার এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা জলিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে নিহত কনস্টেবলের মৃতদেহ উদ্ধার করে কালিয়াকৈর থানার পুলিশ। লাশটি গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।