গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহত, সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের নলজানী এলাকায় আজ রোববার সকালে বাসের চাপায় এক পোশাকশ্রমিক নিহত এবং তিনজন আহত হয়েছেন। এর জের ধরে পরিবহন ও পোশাকশ্রমিকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হন। ক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম আতাউর রহমান (২৬)। তিনি নলজানী বডি ফ্যাশন কারখানার নিটিং অপারেটর।প্রত্যক্ষদর্শী, পরিবহনশ্রমিক, পোশাকশ্রমিক ও পুলিশ জানায়, সকাল পৌনে আটটার দিকে ঢাকা-গাজীপুর সড়কের নলজানী এলাকা দিয়ে পোশাকশ্রমিকেরা কাজে যোগ দিতে কারখানায় যাচ্ছিলেন। এ সময় নিরাপদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই আতাউরের মৃত্যু হয়।এ খবর ছড়িয়ে পড়লে বডি ফ্যাশন ও আশপাশের কারখানার পোশাকশ্রমিকেরা ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করেন। এ সময় উত্তেজিত শ্রমিকেরা চারটি বাসে আগুন ধরিয়ে দেন এবং ভাঙচুর করেন অর্ধশতাধিক যানবাহন। এ নিয়ে পরিবহন ও পোশাকশ্রমিকদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হন।খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ও আর্মড পুলিশ ঘটনাস্থলে আসে। তারা লাঠিপেটা করে পরিবহন ও পোশাকশ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় ঢাকা-গাজীপুর, গাজীপুর-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে দশটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ নিহত আতাউরের লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি বলে তিনি জানান।