গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহত, ব্যাপক ভাঙচুর, বাসে আগুন
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একজন তৈরি পোশাককর্মী নিহত হওয়ার জের ধরে গতকাল রোববার সকালে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শহরের নলজানি এলাকায় অন্তত ৩৫টি গাড়ি ভাঙচুর ও চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেন শ্রমিকেরা। একপর্যায়ে পরিবহন শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে সড়কে নেমে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত নলজানি ও এর আশপাশ এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের।দুর্ঘটনায় নিহত শ্রমিকের নাম আতাউর রহমান (২৬)। তিনি ছিলেন স্থানীয় বডিলিংক সোয়েটার কারখানার নিটিং অপারেটর। তাঁর বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মহামারি গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় আহত অপর শ্রমিক নাজির হোসেনকেও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে শহরের নলজানি এলাকায় ঢাকা-ময়মনসিংহ রোডে সাভারের নবীনগরগামী নিরাপদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নলজানি এলাকায় দুই শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আতাউরের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে বিভিন্ন কারখানা থেকে কয়েক শ বিক্ষুব্ধ শ্রমিক সড়কে নেমে আসে। তারা পলাশ, গাজীপুর ও ঢাকা পরিবহনের চারটি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কে ৩৫-৪০টি গাড়ির কাচ ও আশপাশের কয়েকটি ভবনের জানালার কাচ ভাঙচুর করে। একপর্যায়ে পরিবহন শ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা ও ইটের টুকরো নিয়ে তৈরি পোশাক শ্রমিকদের ধাওয়া করে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সকাল ১০টার দিকে পুলিশ, আর্মড ব্যাটালিয়ন পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা লাঠিপেটা করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন। দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১০টার দিকে যান চলাচল শুরু হলেও সৃষ্টি হয় তীব্র যানজটের।এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, নিরাপদ পরিবহনের বাসটি শ্রমিকদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বাস বা চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।