গাজীপুরে বাসে আগুন, শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি বাসে আগুন দিয়েছে হরতালের সমর্থকেরা। এ সময় বেশ কিছু গাড়ি ভাঙচুরও করে তারা। বাসের নিচে চাপা পড়ে মারা গেছে নয় বছরের শিশু নাদিয়া। আহত হয়েছে ওই বাসের চালক জাকির হোসেনসহ অন্তত ১০ জন। নিহত নাদিয়া নেত্রকোনার পূর্বধলা থানার রাজপাড়া গ্রামের সাইয়েদুলের মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর সদরের চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় গাজীপুর থেকে ভালুকাগামী বাসে যাত্রীবেশে জামায়াত-শিবিরের কয়েকজন কর্মী ওঠেন। পরে তাঁরা বাসের ভেতর পেট্রল ঢেলে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যান। নিমেষে বাসের ভেতর আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাস থেকে নামতে গিয়ে চালকসহ ১০ জনের মতো যাত্রী আহত হন। অগ্নিদগ্ধ বাসের পাশে থাকা একটি মিনিবাস এ সময় পেছনে সরতে গিয়ে রাস্তায় থাকা শিশু নাদিয়াকে চাপা দেয়। এতে মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যায় নাদিয়া। পরে পুলিশ ও এলাকাবাসী হতাহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠায়। গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিত্সক আবদুস সালাম জানান, অবস্থার অবনতি হওয়ায় অগ্নিদগ্ধ বাসচালক জাকির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। তিনি গাজীপুর সদরের পশ্চিম বিলাশপুরের আমির হোসেনের ছেলে। এর আগে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ব্র্যাক ব্যাংকের সামনে সকাল ১০টার দিকে ঢাকা থেকে কোনাবাড়ীগামী যাত্রীবাহী স্কাইলাইন পরিবহনের একটি বাসে আগুন দেয় হরতালকারীরা। বাসে যাত্রী ওঠানোর সময় ১০-১৫ জন হরতালকারী বাসটির পেছনের সিটে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নেভায়।সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া, চান্দনা চৌরাস্তা এলাকার মহাসড়কে পিকেটাররা ইটপাটকেল ছুড়ে কয়েকটি গাড়ির কাচ ভাঙচুর এবং লক্ষ্মীপুরা এলাকায় পিকেটাররা শিববাড়ি-চান্দনা চৌরাস্তা সড়কের ওপর কাঠ ও টায়ারে অগ্নিসংযোগ ও কিছু গাড়ির কাচ ভাঙচুর করে।