গাজীপুরে বিক্ষোভ, পোশাক কারখানা ছুটি (ভিডিও)
সাভারে ভবনধসে শতাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের বেশ কয়েকটি কারখানায় বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এর পরিপ্রেক্ষিতে গাজীপুরের সব পোশাক কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে।ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেছেন ক্ষুব্ধ শ্রমিকেরা। এ সময় তাঁরা ৫০টির বেশি গাড়ি ভাঙচুর করেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকালে অন্যান্য দিনের মতো কাজে যোগ দেন পোশাক কারখানার শ্রমিকেরা। সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর সদর উপজেলার নাওজোর এলাকার দিগন্ত সোয়েটার, ভোগড়া এলাকার স্টার লাইট সোয়েটার, নেকসাস সোয়েটার, গরিব অ্যান্ড গরিব সোয়েটার ও মাইশা-মনিশা পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানার কয়েক হাজার শ্রমিক কাজে বিরতি দিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা আশপাশের কারখানার শ্রমিকদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানান। এতে সাড়া না দেওয়ায় আন্দোলনরত শ্রমিকেরা নেকসাস ও পেগাসাস জুতা কারাখানাসহ বেশ কয়েকটি কারখানায় ইট-পাটকেল ছোড়েন। পরে তাঁরা ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেন। এখনো সড়ক দুটি অবরোধ করে রেখেছেন তাঁরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।সকাল থেকে ওই দুটি সড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন।এ ঘটনার জের ধরে চান্দনা চৌরাস্তা এলাকায় পরিবহন শ্রমিকেরা এক পোশাকশ্রমিককে ধরে নিয়ে গেছে—এমন গুজব ছড়ালে শ্রমিকেরা উত্তেজিত হয়ে কয়েকটি পরিবহন অফিস ভাঙচুর করেন এবং কয়েকটি বিলবোর্ড ও পোস্টারে আগুন ধরিয়ে দেন। সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-গাজীপুর সড়কের পাশে অবস্থিত আড়ং দুধ কারখানার গুদামে আগুন ধরিয়ে দেন আন্দোলনরত শ্রমিকেরা। গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।প্রথম আলো ডটকমকে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।