গাজীপুরে বিচারিক হাকিমকে যৌতুকের জন্য নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর আদালতের বিচারিক হাকিম রুবাইয়া ইয়াসমিনকে যৌতুকের দাবিতে তাঁর স্বামী কয়েক দফা শারীরিক নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর বাবা অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুল জাহেদ তালুকদার বাদী হয়ে গত রোববার জয়দেবপুর থানায় মামলা করেছেন।মামলায় রুবাইয়া ইয়াসমিনের স্বামী ব্যারিস্টার জিয়াউল করিম খান (৩৫), ভাশুর সাবেক বিচারক রেজাউল করিম খান, শাশুড়ি রেজিয়া খানম ও ননদ কানিজ ফাতেমাকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, সমপ্রতি চেম্বার করে দেওয়ার জন্য জিয়াউল ও তাঁর পরিবারের সদস্যরা রুবাইয়াকে ১০ লাখ টাকা যৌতুক দেওয়ার জন্য চাপ দেন। এ নিয়ে ঈদের দিন সকালে ঢাকার ৪১ পূর্ব রাজাবাজার, তেজগাঁওয়ের বাসায় রুবাইয়াকে তাঁর স্বামী প্রচণ্ড মারধর করেন। এ সময় তাঁর শ্বশুরসহ অন্য সদস্যরা মারধরে সহায়তা করেন। একপর্যায়ে রুবাইয়াকে এক কাপড়ে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ সময় শ্বশুরবাড়ির লোকজন রুবাইয়ার কোল থেকে তাঁর ছয় মাসের মেয়েকে কেড়ে নেন। এ ঘটনার পর রুবাইয়া গাজীপুর শহরের চাবাগান এলাকার সরকারি বাসভবনে চলে আসেন। পরদিন ১২ সেপ্টেম্বর সকালে জিয়াউল গাজীপুরের বাসায় এসে আবারও যৌতুকের টাকার জন্য রুবাইয়াকে মারধর করেন। খবর পেয়ে রুবাইয়ার বাবা জাহেদ তালুকদার গাজীপুরের বাসায় আসেন। একই দিন সন্ধ্যায় জিয়াউল আবারও ওই বাসায় এসে শ্বশুরের সামনে রুবাইয়াকে মেরে রক্তাক্ত করেন। পরে রুবাইয়াকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। গতকাল বুধবার সদর হাসপাতালের নথি থেকে জানা গেছে, ১২ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে রুবাইয়াকে ওই হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁর শরীরে চারটি আঘাত চিহ্নিত করে তাঁকে হাসপাতালে ভর্তি করেন। মামলার বাদী জাহেদ তালুকদার প্রথম আলোকে বলেন, ‘মামলার পর থেকে আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমার মেয়ের ওপর এ বর্বর নির্যাতনের বিচার চাই।’ জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আবদুর রশিদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারধর ও সহায়তা করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।