গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর, আহত ১০
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় আজ শুক্রবার সকালে পোশাক তৈরির একটি কারখানার শ্রমিকেরা বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সৃষ্টি করে যানবাহন ভাঙচুর করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং লাঠিপেটা করে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সফিপুর আনসার একাডেমির সামনে গোমতী টেক্সটাইল লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকদের গত মাসের বেতন গতকাল বৃহস্পতিবার দেওয়ার কথা ছিল। কিন্তু বেতন না দেওয়ায় শ্রমিকেরা গতকালই কর্মবিরতি শুরু করেন। আজ সকালে শ্রমিকেরা কারখানায় গিয়ে জানতে পারেন বেতন দেওয়া হবে না। এতে তাঁরা উত্তেজিত হয়ে কর্মবিরতি পালন করেন ও কারখানার সামনে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে সকালে পৌনে ১০টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সৃষ্টি ও ১০ থেকে ১২টি যানবাহন ভাঙচুর করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা পুলিশের ওপর চড়াও হয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিকদের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় অন্তত ১০ জন শ্রমিক আহত হন। বেলা পৌনে ১১টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে কথা বলতে কারখানার মহাব্যবস্থাপক (জিএম) মাজাহার উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। গাজীপুর শিল্প পুলিশের (জোন-২) পরিদর্শক কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করতে কারখানা কর্তৃপক্ষকে চাপ দেওয়া হয়েছে।