গাজীপুরে বেহাল সড়কে প্রতিনিয়ত যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাজীপুর অংশের বেশির ভাগ এখন যানবাহন চলাচলের অনুপযোগী। বৃষ্টির পানি জমে সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। এ রাস্তা দিয়ে গাজীপুর ছাড়াও বৃহত্তর ময়মনসিংহসহ উত্তরাঞ্চলের ১৯টি জেলার যানবাহন চলাচল করছে চরম ঝুঁকি নিয়ে। প্রচণ্ড গরমের মধ্যে ভয়াবহ যানজটের কবলে পড়ে ১০ মিনিটের রাস্তা পার হতে যাত্রীদের তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত লাগছে।যানজটের কারণে মালামাল পরিবহনে ট্রাকের ভাড়া বেড়েছে প্রায় দিগুণ। গাজীপুর থেকে ঢাকায় এসে প্রতিদিন যাঁরা অফিস করেন, তাঁরা পড়েছেন সবচেয়ে বেশি বিপদে। গুরুতর অসুস্থ রোগীকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার সময় যানজটে প্রাণহানির ঘটনাও ঘটছে।বোর্ডবাজার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চান্দনা চৌরাস্তার উল্কা সিনেমা হল পর্যন্ত চার কিলোমিটার সড়কের অবস্থা সবচেয়ে নাজুক। এ পথে এখন সড়কের অবয়ব নেই। সামান্য বৃষ্টিতে ভোগড়া, মালেকের বাড়ি ও চান্দনা এলাকার বড় অংশ পানির নিচে তলিয়ে যাচ্ছে। নিষ্কাশনব্যবস্থা না থাকায় পানি সরতে পারছে না। দীর্ঘদিনেও সংস্কার ও উন্নয়নমূলক কাজ না করায় এবং পরিকল্পিত নিষ্কাশনব্যবস্থা না থাকায় মহাসড়কের বিভিন্ন স্থান ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে।এ নিয়ে সড়কের দায়িত্বপ্রাপ্ত গাজীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। মাঝেমধ্যে কিছু ইটা বা আধলা ফেলে সাময়িকভাবে রাস্তা সচল রাখার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে তারা। অভিযোগ রয়েছে, গত দুই বছরে ক্ষতিগ্রস্ত এ রাস্তার রক্ষণাবেক্ষণে বিপুল পরিমাণ অর্থ খরচ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। গত সপ্তাহে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সরেজমিন ঘুরে গাজীপুর সড়কের এ বেহাল দশার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিল্প-কারখানাকে দায়ী করে ঢাকায় ফেরেন।এ অবস্থায় অবিলম্বে সড়কটি সংস্কার করা না হলে এ মহাসড়কে চলাচলকারী সব জেলার যানবাহন ২৫ জুলাই থেকে বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি। এ ঘোষণার পর জেলা প্রশাসনের উদ্যোগে গত শনিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সওজ কর্তৃপক্ষের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সওজের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। প্রশাসনের অনুরোধে পরিবহন নেতারা ২৪ জুলাই পর্যন্ত যান চলাচল বন্ধের ঘোষণা স্থগিত করেন।স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ গত কয়েক দিনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় ইট বিছিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার ব্যর্থ চেষ্টা করেছে। এ ধরনের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত একটি মহাসড়ক এভাবে কোনোমতেই সচল রাখা সম্ভব নয় বলে স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিকেরা মনে করেন।বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী এ ব্যাপারে প্রথম আলোকে জানান, নির্ধারিত সময়ের মধ্যে সওজ রাস্তা সংস্কারে ব্যর্থ হলে ২৫ জুলাই থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে। তিনি পরিস্থিতির জন্য সওজের স্থানীয় কর্মকর্তাদের দায়ী করেন।সওজের গাজীপুর জেলার নির্বাহী প্রকৌশলী ফজলে রাব্বী প্রথম আলোকে জানান, এ মহাসড়কে জলাবদ্ধতার জন্য উভয় পাশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঘরবাড়ি, কলকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাটই দায়ী। এ অবস্থা এক দিনে হয়নি। নিষ্কাশনব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বারবার চিঠি দিয়েও কোনো কাজ হয়নি। রাস্তার ওপর পানি জমে সড়কের ‘পেভমেন্ট সার্ফেস’ ভেঙে গেছে। তিনি আরও জানান, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ খরচ না পাওয়ায় রাস্তার এ বেহাল দশা হয়েছে।