গাজীপুরে বোমা নিষ্ক্রিয়ক ও ডগ স্কোয়াড থাকবে
গাজীপুর সিটি করপোরেশনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বোমা নিষ্ক্রিয়ক (বম্ব ডিসপোজেবল) ইউনিট ও ডগ স্কোয়াড রাখা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ। আজ বৃহস্পতিবার গাজীপুর সিটি নির্বাচন ও কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনের আইনশৃঙ্খলা-বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সিইসি বলেন, শ্রমিক-অধ্যুষিত গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ছোটোখাটো বিষয় থেকে অনেক বড় কিছু ঘটে যেতে পারে। সেজন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। কারণ, কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিয়মকে ছাড় দিতে চায় না।তফসিল অনুযায়ী আগামী ৩ জুলাই কিশোরগঞ্জ-৪ এবং ৬ জুলাই গাজীপুর সিটি করপোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সিইসি জানান, হাওর এলাকা হওয়ায় কিশোরগঞ্জে কোস্টগার্ড মোতায়েন করা হবে। গাজীপুরের বিশাল জনগোষ্ঠী ও শিল্পাঞ্চল বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। কমিশন সচিবালয় সূত্র জানায়, সংসদ উপনির্বাচনে কিশোরগঞ্জের প্রতিটি কেন্দ্রে ২৭ জন করে ও গাজীপুর সিটিতে প্রতিটি কেন্দ্রে ২২ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করার প্রস্তাব করা হয়েছে। কমিশনের সম্মেলনকক্ষে সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অন্য নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, র্যাবসহ অন্যান্য বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।