গাজীপুর সদরের বাসন এলাকায় গতকাল রোববার বিকেলে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে গুলি করে প্রায় ১০ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। পরে জনতা ধাওয়া করে তিন দুর্বৃত্তকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় পুলিশ তিনটি গুলিসহ একটি বিদেশি পিস্তল ও পাঁচটি গুলিসহ দুটি রিভলবার উদ্ধার করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেল সাড়ে চারটার দিকে বাসন ইউনিয়নের আমিনউদ্দিন সরকার মার্কেটের কাছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির স্থানীয় কার্যালয়ে বিক্রয় প্রতিনিধিরা সারা দিনের সিগারেট বিক্রির টাকা হিসাব-নিকাশ করছিলেন। এ সময় অস্ত্রধারী সাত-আটজন দুর্বৃত্ত সেখানে ঢুকে সবার মুঠোফোন নিয়ে নেয়। এ সময় আরও পাঁচ-ছয়জন দুর্বৃত্ত বাইরে পাহারায় ছিল। দুর্বৃত্তরা দুটি থলের ভেতর সব টাকা ভরে কার্যালয়ের দরজা বাইরে থেকে আটকে দিয়ে চলে যায়। কর্মচারীরা এ সময় পেছনের দরজা দিয়ে বাইরে এসে ‘ছিনতাইকারী’ বলে চিৎকার করতে করতে পিছু নেন।কোম্পানির বিক্রয় প্রতিনিধি আমিনুল ইসলাম জানান, তাঁদের সঙ্গে জনতাও দুর্বৃত্তদের ধাওয়া করলে দুর্বৃত্তরা অন্তত ১০টি গুলি করে। একপর্যায়ে জনতা তিন দুর্বৃত্তকে ধরে পিটুনি দেয়। এদের একজনের কাছে তিনটি গুলিসহ একটি বিদেশি পিস্তল পাওয়া গেছে। তবে টাকার থলে নিয়ে অন্য দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হয়।কোম্পানির স্থানীয় ব্যবস্থাপক আবদুল বাতেন বলেন, দুর্বৃত্তরা প্রায় ১০ লাখ টাকা নিয়ে গেছে। এ সময় তিনজন বিক্রয় প্রতিনিধি সামান্য আহত হয়েছেন।আটক দুর্বৃত্তরা হলো কুমিল্লার দাউদকান্দি উপজেলার মো. সজীব (১৯), দিনাজপুর জেলার মোহনপুরের মো. রমজান (২১) ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুমন (২৫)। তিনজনই টঙ্গীর আরিচপুর দত্তপাড়া এলাকায় থাকে।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, গণপিটুনিতে আহত তিন দুর্বৃত্তকে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ছিনতাই ও অস্ত্র আইনে দুটি মামলার প্রস্তুতি চলছে।ওসি আরও জানান, জয়দেবপুর থানার পুলিশ রাতে বাসন এলাকা থেকে দুর্বৃত্তদের ব্যবহূত দুটি রিভলবার উদ্ধার করেছে পাঁচটি গুলিসহ। আটক দুর্বৃত্তদের গণপিটুনি দেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ওই রিভলবার দুটি লুকিয়ে ফেলে। পরে পুলিশের ভয়ে তারা তা ফিরিয়ে দেয়।