গাজীপুরে মনোনয়ন পেলেন তিনজন
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে বাছাই শেষে তিনজনকে মনোনয়ন দিয়েছেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ। আজ বুধবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের দিন।মনোনয়ন পাওয়া তিনজন প্রার্থী হলেন: আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি, তাঁর চাচা আফসার উদ্দিন আহমদ খান (স্বতন্ত্র) ও মোহাম্মদ আসাদুল্লাহ বাদল (সিপিবি)।গত ৩ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রার্থী হিসেবে যোগ্যতার শর্ত পূরণ না হওয়ায় পাঁচজনের প্রার্থিতা বাতিল করা হয়।জেলা প্রশাসন কার্যালয়ে এ বাছাই শেষে নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, যোগ্যতা ও শর্ত পূরণ না হওয়ায় পাঁচজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এই পাঁচজন হলেন: মীর এনায়েত হোসেন, মোস্তাফিজুর রহমান, বেগম হাফিজা জামান, মোহাম্মদ সারোয়ার ও মো. বজলুল হক।৩০ সেপ্টেম্বর শূন্যঘোষিত গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হবে। গত ২৩ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।কাপাসিয়া উপজেলা নিয়ে গঠিত গাজীপুর-৪ আসনে মোট ভোটারসংখ্যা দুই লাখ ১১ হাজার ৮৮৪। সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ১০২ ও ভোটকক্ষের সংখ্যা ৪৭২। ২০০৮ সালের নির্বাচনে এই আসন থেকে সাংসদ নির্বাচিত হন আওয়ামী লীগের তানজিম আহমদ সোহেল তাজ। গত ৭ জুলাই তিনি সংসদ সদস্যপদ ত্যাগ করায় আসনটি শূন্য হয়।