গাজীপুরে যাত্রীবাহী বাস খালে, নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদরের সমর সিংহ এলাকার ঢাকা বাইপাস সড়কে নাগদা ব্রিজে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। এতে তিনজন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম সিদ্দিক আহম্মেদ (৭০)। বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খানচানা গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে টাঙ্গাইলগামী সোনিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকালে ওই ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ২৫ থেকে ৩০ ফুট নিচে খালের পানিতে পড়ে যায়। পরে এলাকাবাসী ও গাজীপুর দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচ থেকে তিনটি লাশ উদ্ধার করেন। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ রেকার দিয়ে বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছিল।