গাজীপুরে শ্রমিক নিহত, বাস ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ছয়দানা মালেকের বাড়ি এলাকায় আজ বৃহস্পতিবার সকালে বাসের ধাক্কায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় কারখানার শ্রমিকেরা উত্তেজিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন এবং তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেন। নিহত শ্রমিকের নাম মো. হজরত আলী (৩০)। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকায়। তিনি স্থানীয় ইভা সোয়েটার কারখানায় কাজ করতেন।পোশাকশ্রমিক ও পুলিশ সূত্র জানায়, আজ সকাল আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা মালেকের বাড়ি এলাকায় সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় পোশাকশ্রমিক মো. হজরত আলী গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। এই ঘটনার পর শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। একপর্যায়ে তাঁরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। বলাকা পরিবহনের দুটি ও চলাচল পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। খবর পেয়ে হাইওয়ে ও জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে সকাল নয়টার দিকে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।