গাজীপুরে সড়ক অবরোধ-অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত হয়েছেন—এমন খবরে পোশাকশ্রমিকেরা আজ বৃহস্পতিবার সাড়ে তিন ঘণ্টা গাজীপুরের কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ করে রাখেন। এ সময় তাঁরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। ভোর চারটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত এ অবস্থা চলে।প্রত্যক্ষদর্শী শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা রাতের পালা শেষ করে আজ ভোরে বাড়ি ফিরছিলেন। ১৪-১৫ জন শ্রমিক কারখানার পাশ থেকে ভোর চারটার দিকে নছিমনে ওঠেন। পথে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস নছিমনকে চাপা দেয়। এতে কমপক্ষে ১০ জন শ্রমিক আহত হন। এ সময়ে অন্য শ্রমিকদের কাছে খবর পৌঁছায় যে দুর্ঘটনায় তিনজন শ্রমিক নিহত হয়েছেন। ওই খবরে শ্রমিকেরা উত্তেজিত হয়ে তখনই কালিয়াকৈর-নবীনগর সড়কে অবরোধ সৃষ্টি করে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে এবং একপর্যায়ে একটি কাভার্ড ভ্যান ও একটি বাসে অগ্নিসংযোগ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও চক্রবর্তী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানান, দুর্ঘটনায় কোনো শ্রমিক মারা যাননি। এরপর শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান। সকাল সাড়ে সাতটা থেকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় ১০ জন শ্রমিক আহত হয়েছে। আহতেরা স্থানীয় ক্লিনিকে চিকিত্সা নিয়েছে। দুর্ঘটনায় শ্রমিক নিহত হয়েছেন—এমন গুজবে উত্তেজিত শ্রমিকেরা সাড়ে তিন ঘণ্টা কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন লাগিয়ে দেন।