গাজীপুরে সারবোঝাই ট্রাক উল্টে আট শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ঢাকা বাইপাস সড়কে গতকাল সোমবার ভোরে সারবোঝাই একটি ট্রাক উল্টে আটজন দিনমজুর নিহত হয়েছেন। দুপুরে টাঙ্গাইলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক সেনাসদস্যসহ চারজন এবং বিকেলে মাগুরা শহরে ট্রাকের চাপায় এক গৃহবধূ তাঁর ছেলে ও বোনসহ নিহত হয়েছেন। একই দিন গাজীপুরের কালিয়াকৈর ও মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দুর্ঘটনার খবর জানাচ্ছেন ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা।গাজীপুর: কালীগঞ্জে নিহত দিনমজুরেরা হলেন: রংপুরের মিঠাপুকুর উপজেলার খিয়ারপাড়া এলাকার জব্বার আলীর ছেলে একরামুল হোসেন (৩০), আনসার আলীর ছেলে শাহীন মিয়া (২৮) ও মৃত মোন্তাজ হোসেনের ছেলে বাবুল হোসেন (৪০), গাইবান্ধার মিয়ারপাড়া এলাকার গয়েজ উদ্দিনের ছেলে আবদুল ওয়াহিদ (৫৫), ক্ষুদ্র মালিবাড়ী এলাকার সাদা মিয়া (৪৮) ও ঢংজালীপাড়া এলাকার পিয়ার মিয়ার ছেলে এজাহার নবী (৫০), নীলফামারীর চরচরাবাড়ী এলাকার শাহিনুর ইসলাম (২৫) ও সাইফুল ইসলাম (৫৫)।রোববার রাতে চট্টগ্রাম থেকে সারবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৪-৪৬৫৫) উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেয়। পথে ভোর চারটার দিকে ঢাকা বাইপাস সড়কের কালীগঞ্জের উলুখোলা এলাকার নাগরী সেতুর কাছে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকটি উল্টে সড়কের ওপর পড়ে। দিনমজুররা চাপা পড়েন সারের বস্তার নিচে। সকাল আটটার দিকে দুর্ঘটনাস্থলে গিয়ে আটজন দিনমজুরের লাশ উদ্ধার করে কালীগঞ্জ থানার পুলিশ। আহত ব্যক্তিদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। টঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন আবদুল আজিজ (৫০) বলেন, তাঁর বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। কম ভাড়ায় বাড়ি যেতে প্রথমে সিরাজগঞ্জ যাওয়ার জন্য ওই ট্রাকে ওঠেন। ট্রাক উল্টে যাওয়ার পর তাঁর আর কিছু মনে নেই।জেলা প্রশাসক নূরুল ইসলাম বলেন, সেতুর ওপর বিভাজক থাকলেও সড়কে আগে থেকে কোনো সংকেত না থাকায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এর আগে ওই স্থানে দায়িত্ব পালনকালে ট্রাকের চাপায় এক পুলিশ কনস্টেবল মারা যান। সওজ কর্তৃপক্ষকে দ্রুত ওই স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।কালিয়াকৈর উপজেলার দোকানপাড় এলাকায় গতকাল দুপুরে বাসের চাপায় নিহত হয়েছেন কোকোলা ফুডস কারখানার শ্রমিক রেবেকা বেগম (৩৫)। রেবেকা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উলিপুর মধ্যপাড়া গ্রামের শাহিন মিয়ার স্ত্রী।টাঙ্গাইল: বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম বলেন, বেলা দুইটার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈলে একটি বাসের সঙ্গে একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত ও ১০ জন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন: কালিহাতীর নাগবাড়ী গ্রামের শুকুর আলী (৫০), ভূঞাপুর উপজেলার পলশিয়া গ্রামের সুরুজ্জামান (৬০) ও রহিম বখ্শ (৫০)। গুরুতর আহত সেনাবাহিনীর সদস্য হাবিবুল্লাহকে (২৮) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। হাবিবুল্লাহ বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে অবস্থিত ৯৮ কন্টিনজেন্ট সংমিশ্রিত ব্রিগেডে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।মাগুরা: শহরের ভায়না মোড়ে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি বালুবোঝাই ট্রাক একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। নিহত ব্যক্তিরা হলেন: সদর উপজেলার মশিয়াডাঙ্গা গ্রামের সালেক মল্লিকের স্ত্রী শুকুরুন নেসা (৬০) ও তাঁর ছেলে আবু বকর মল্লিক (৩৫) এবং শুকুরুন নেসার বোন ফাতেমা বেগম (৫৬)। দুর্ঘটনায় ফাতেমাদের বড় ভাই রাজা মোল্লা (৬২) আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি আছেন। মানিকগঞ্জ: ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বেলা সাড়ে ১১টার দিকে এনএনবি পরিবহনের একটি বাসের সঙ্গে গরু বহনকারী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে আহত হন ১৫ বাসযাত্রী। আহত ব্যক্তিদের মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর পাবনার চাটমোহর উপজেলার দুবলাপাড়া গ্রামের হামিদ পরামানিক (৬০) মারা যান।