গাজীপুরে সারবোঝাই ট্রাক উল্টে নিহত ৮ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সারবোঝাই ট্রাক উল্টে আটজন নিহত হয়েছেন। উপজেলার উলুখোলা ব্রিজের ওপর গতকাল রোববার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে প্রাথমিকভাবে সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন—এজাহার নবী, গাইবান্ধার সাদা মিয়া, রংপুরের মিঠাপুকুরের শাহিনুর, ওয়াহিদুল, শাহেদ মিয়া ও বাবুল এবং নীলফামারীর একরামুল। এরা সবাই রিকশাচালক ও দিনমজুর।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, সারবোঝাই ট্রাকটি সিলেট থেকে রাজশাহী যাচ্ছিল। গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ট্রাকটি ঢাকা বাইপাস সড়কের কালীগঞ্জ উপজেলার উলুখোলা ব্রিজের ওপর সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা ব্যক্তিরা ট্রাক ও সারের নিচে চাপা পড়েন।ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ সারের বস্তা সরিয়ে আজ সোমবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত আটজনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকের আরও দুজন আহত হয়েছেন। তবে ট্রাক ও বস্তার নিচে আরও লাশ আছে কি না, তা দেখা হচ্ছে। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে।