গাজীপুরে সোনার দোকানে ডাকাতি, বিস্ফোরণে আহত ৫
গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় আজ শনিবার দুপুরে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ওই দোকান থেকে ১২০ ভরি সোনা ও নগদ ৫০ হাজার টাকা লুট করে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার সময় ডাকাতেরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে।আজ বেলা সোয়া একটার দিকে টঙ্গীর দত্তপাড়া সমাজকল্যাণ রোডে চেরাগ আলী মার্কেটের পাশে তৃষ্ণা জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে ১০-১২ জনের একটি দল চেরাগ আলী মার্কেটের পাশে তৃষ্ণা জুয়েলার্সে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে তারা ওই দোকানের সিন্দুক থেকে ১২০ ভরি সোনা ও ৫০ হাজার টাকা লুট করে। এ সময় দোকানের মালিক আবুল হোসেন তাদেরকে বাধা দিলে ডাকাতেরা আবুল হোসেনকে ব্যাপক মারধর করে। পরে তারা দোকানের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ করে একটি গাড়িতে চড়ে পালিয়ে যায়। এতে পাঁচজন গুরুতর আহত হয়। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর আতঙ্কে আশপাশের সবাই দোকান বন্ধ করে দেয়।টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কী পরিমাণ সোনা লুট হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ডাকাতদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।