গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাজীপুর সদর উপজেলার জিরানী এলাকায় গতকাল রোববার রাত দুইটার দিকে বাস দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। পুলিশ আজ সোমবার সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জের বুড়াবাইয়া খাঁ এলাকার মো. সাইদুল ইসলাম (২৮) ও বামুনজল এলাকার মো. আইনুল (২৬)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে অর্ণব পরিবহনের যাত্রীবাহী বাস গাইবান্ধার সুন্দরগঞ্জ যাচ্ছিল। গতকাল দিবাগত রাত দুইটার দিকে বাসটি গাজীপুর সদর উপজেলার জিরানী এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার ডিভাইডারের ওপর উঠে যায়। এতে বাসটি উল্টে চাপা পড়েন সুপারভাইজার সাইদুল ইসলাম ও বাসের সহকারী আইনুল। তাঁরা ঘটনাস্থলেই নিহত হন। আহত ১৫ জনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।