গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন।আজ মঙ্গলবার গাজীপুরের শ্রীপুর উপজেলা ও গাজীপুর সদরের সালনা এলাকায় পৃথক এ দুর্ঘটনা দুটি ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুর একটার দিকে শ্রীপুর উপজেলার কাপাসিয়া সড়কের ধলাদিয়া এলাকায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী দুই কলেজছাত্র নিহত হন। নিহত হওয়া ছাত্ররা শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার নোয়াগাঁও গ্রামের খোকন খান (২০) ও একই গ্রামের আমিনুল ইসলাম (২২)। তাঁরা দুজনই স্থানীয় ধলদিয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয় এবং ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে বিকেল চারটার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।এদিকে আজ সকাল নয়টার দিকে গাজীপুর সদরের সালনা এলাকায় ময়মনসিংহ মহাসড়কে একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে একটি লেগুনাকে ধাক্কা দেয়। এ সময় লেগুনাটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালকের সহকারী আতিক (১৩) নিহত এবং চারজন যাত্রী আহত হন বলে জানা গেছে।