গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈরে আজ শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।গাজীপুরের কোনাবাড়ি মহাসড়ক পুলিশফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, আজ দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় ঢাকাগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে রাস্তার পাশে দাঁড়ানো সূত্রাপুর এলাকার আবদুল কুদ্দুস (৪০) ও আরেক নারী বাসের নিচে চাপা পড়েন। কুদ্দুস ঘটনাস্থলেই মারা যান। টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়। নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ইসমাইল হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, আজ দুপুরে টঙ্গীর চেরাগ আলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় এক পথচারী নিহত হন। তাঁর নাম মো. শহীদ (৪০)। তিনি পটুয়াখালীর মির্ধাগঞ্জ এলাকার নুরুজ্জামানের ছেলে। পুলিশ বাসটিকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।